যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান তিনি।
আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
হরমুজ প্রণালি কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা যদি দ্রুত এগোয়, তবে ‘এটি খুব শিগগির খুলে যাবে’।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।’
বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।
